ভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেই সুনামি সতর্কতা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর ছোট উপকূলীয় গ্রাম পোর্ট অলরির প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূ-কম্পনটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১৮৮ কিলোমিটার নিচে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভানুয়াতুর প্রাকৃতিক দুর্যোগবিষয়ক কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

ভানুয়াতু একটি ভূমিকম্পপ্রবণ দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এ অঞ্চলে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা বেশি ঘটে থাকে।

উল্লেখ্য যে, ভানুয়াতুতে এই ভূ-কম্পনের আগে কলম্বিয়া ও ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইন্দোনেশিয়ায় গতকাল শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জন নিহত হয়েছেন এবং শতাধিক পরাঘাত অনুভূত হয়েছে। এছাড়া গত সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। কালি, পেরেইরা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভবন, সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কলম্বিয়ায় এ ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ২৯০ জনে পৌঁছেছে, নিখোঁজ রয়েছেন ১৪০ জন এবং আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সেখানে এখনো অভিযান চলছে।