বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু ঢাকা শহর নয়, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের মানুষও বর্তমানে বিদ্যুতের তীব্র কষ্ট ভোগ করছেন। এই পরিস্থিতির জন্য বিগত স্বৈরাচারী সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও বিভিন্ন ভুল পদক্ষেপকে দায়ী করেন তিনি। রোববার সকালে কিশোরগঞ্জ জেলা সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে এবং বিএনপি জনগণের স্বার্থেই কাজ করে যাবে। আগামী ২৭ তারিখে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে সরকার আগামী ১০ বছরে বিদ্যুৎ সমস্যার সমাধানের পরিকল্পনা তুলে ধরবে বলে তিনি জানান। এর আগে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১১টা ২৪ মিনিটের দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকার বাইরে অন্য কোনো জেলায় দ্বিতীয়বারের মতো এই জাতীয় অনুষ্ঠানের কেন্দ্রীয় উদ্বোধনী কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচি শেষে তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং বেলা একটায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন। SHARES অন্যান্য বিষয়: কিশোরগঞ্জতারেক-রহমানপ্রধানমন্ত্রীবিদ্যুৎ সংকটমৎস্য পক্ষ