কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত, দায় স্বীকার ইএলএন-এর

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটিতে গেরিলাদের ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছেন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ হামলার জন্য ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

শুক্রবার কাতাতুম্বো অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। ওই অঞ্চলে ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নির্দেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে। ওই অঞ্চলের একজন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই অন্তত ২০টি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়।

সামাজিকমাধ্যম এক্সে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা ইএলএন-এর উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যত পুলিশ কর্মকর্তা বা সেনাকে হত্যা করবে, রাষ্ট্রের পূর্ণ ও বৈধ শক্তি ততবার তোমাদের ওপর নেমে আসবে।’

এদিকে, প্রতিরক্ষামন্ত্রী হোর্হে মোরা শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনগণের সুরক্ষা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার, ইএলএন ইউনিটগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা এবং হামলার দায়ীদের শনাক্ত করতে সামরিক ও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

কলম্বিয়া বর্তমানে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার মোকাবিলা করছে। প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে স্থল অভিযান ও বোমা হামলা জোরদার করেছেন।