পাবনায় স্কুলছাত্রী কলি হত্যা: মূলহোতা মোস্তফা গ্রেপ্তার, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় ১০ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতা মোস্তফা প্রামানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী মোস্তফা ও তার বাড়ির ভাড়াটিয়াকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ মোস্তফাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় কলি। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে তার বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় কলির খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘কলি হত্যার বিচার চাই’, ‘শিশু অধিকার আইন বাস্তবায়ন চাই’, ‘বেঁচে থাকার অধিকার চাই’ এবং ‘আমার অধিকার নিয়ে ষড়যন্ত্র মানি না’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলার অবনতি এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার এমন ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত