যোগ্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী প্রকৃতপক্ষে পাশ করার যোগ্য ছিল বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, খাতা দেখায় অবহেলার কারণেই এই অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, যারা যোগ্য শিক্ষার্থীদের ফেল করিয়েছেন, এমন শিক্ষকদের খুঁজে বের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, এসব শিক্ষকের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। শিক্ষকদের বদলি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এনটিআরসিএ-তে অনলাইনে বদলির ব্যবস্থা করার কাজ চলছে। যেসব শিক্ষককে রিপ্লেসমেন্ট করতে হবে এবং যারা বর্তমানে অ্যাটাচমেন্টে রয়েছেন, তাদের বিষয়গুলো সুরাহা করা হচ্ছে। এনটিআরসিএ এ বিষয়ে কাজ করছে এবং শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক শিক্ষকদের নিয়োগপত্র না পাওয়া সংক্রান্ত বিষয়ে এহছানুল হক মিলন বলেন, বর্তমানে ৮১৭ জন শিক্ষকের নিয়োগপত্র বাকি রয়েছে। তাদের ভেরিফিকেশন পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে এবং ঠিকানা যাচাই করা হচ্ছে। অপপ্রচার দেখে তিনি একটি প্রেস রিলিজ দিয়েছিলেন জানিয়ে বলেন, যাদের নিয়োগপত্র এখনও হয়নি, তা পর্যবেক্ষণে রেখে রিভিউ করা হচ্ছে এবং এই প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত চলবে। নিয়োগ ভেরিফিকেশন সম্পর্কে মন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী ছিল। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে পরিচালনার জন্য ৩৩ হাজার ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন গ্রহণ করা হয়েছিল। ডিপিও ইস্যু করার সময় দেখা যায় অনেকেই ঠিকানা পরিবর্তন করেছেন, যা পর্যায়ক্রমে হালনাগাদ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: মাধ্যমিক পরীক্ষাশাস্তিমূলক ব্যবস্থাশিক্ষকশিক্ষামন্ত্রীশিক্ষার্থী