কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে একরাতে আটক আরও ২৫২ প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬ কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশ একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কুমিল্লা নগরীসহ জেলার প্রতিটি থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে পুলিশি তৎপরতা চালানো হয়েছে। তিনি বলেন, আটককৃতদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উঠতি বয়সী কিশোররা যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যার ঘটনার পর থেকেই জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই পাঁচ ধাপের অভিযানে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা প্রদানের শর্তে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী। এছাড়া বাকি ৬২৬ জনকে বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: অপরাধ দমনআটককিশোর-গ্যাংকুমিল্লাপুলিশ অভিযান