জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬ চট্টগ্রামে জাল স্বাক্ষরের মাধ্যমে ব্যক্তিগত গ্যারান্টিনামা তৈরি করে ব্যাংক থেকে প্রায় ৩০ কোটি টাকা ঋণ নেওয়ার চাঞ্চল্যকর মামলায় ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমকে ১৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যবসায়ী বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। তবে রায়ে উল্লেখ করা হয়েছে, মামলার বিভিন্ন ধারায় দেওয়া সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে, যার ফলে তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে শাহ আলম ও তার ছেলে এসএম পারভেজ আলম তিন সহোদরের স্বাক্ষর জালিয়াতি করে চারটি ব্যক্তিগত গ্যারান্টিনামা প্রস্তুত করেন। এসব নথিতে প্রত্যেকের নামে ২৫ কোটি টাকা করে দেখানো হয়েছিল। এই জাল কাগজপত্র ব্যবহার করে ২০১২ সালে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে পাঁচটি এলটিআর ও একটি সিসি (হাইপো) ঋণ সুবিধার আওতায় ২৯ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ২৮২ টাকা উত্তোলন করা হয়। ঋণের বিপরীতে মাত্র ৮ কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৬৪৮ টাকা পরিশোধ করার পর আর কোনো অর্থ জমা দেওয়া হয়নি। ফলে সুদ ও অন্যান্য চার্জ মিলিয়ে ২০১৪ সালের ১১ আগস্ট পর্যন্ত বকেয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা। প্রতারণার এই ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর তৎকালীন সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ গঠন করে বিচারিক কার্যক্রম শুরু হয়। মামলা চলাকালীন সাতজন সাক্ষীর জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনার মাধ্যমে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। আদালত দণ্ডবিধির ৪২০ ধারায় তিন বছর, ৪৬৭ ধারায় পাঁচ বছর, ৪৬৮ ধারায় তিন বছর এবং ৪৭১ ধারায় পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন। SHARES আইন আদালত বিষয়: কারাদণ্ডচট্টগ্রামজালিয়াতিদুদকব্যাংক ঋণ