ওরেগনের স্কুলে বন্দুক হামলা: ৩ শিশুসহ নিহত ৫

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।

বেন্ড পুলিশ প্রধান মাইক ক্রান্টজ জানিয়েছেন, নিহত তিন শিশুর বয়স ছিল যথাক্রমে পাঁচ, আট ও ১১ বছর। এছাড়া এই ঘটনায় সাত বছর বয়সি এক শিশু এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৬ বছর বয়সি বেন্ডের এক কিশোরকে চিহ্নিত করেছে পুলিশ। হামলাকারী নিজেও ঘটনাস্থলেই মারা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী বিদ্যালয়ের তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেছিল। সে আগে কখনো ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

পুলিশ প্রধান ক্রান্টজের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সহায়তা চেয়ে প্রথম ফোন আসে। এরপর পরবর্তী কয়েক মিনিটের মধ্যে জরুরি সেবাকর্মীদের কাছে আরও অনেকগুলো ফোন কল আসে।