সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩৫ প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী আইনে একজন, মাদকসেবী ২২ জন, ওয়ারেন্টভুক্ত ছয়জন, ডাকাতির মামলায় দুইজন, দস্যুতার মামলায় দুইজন এবং শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় একজন রয়েছেন। মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ উপজেলার পূর্ব সনমান্দি এলাকার মো. আলী হোসেন (৪৫)। শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো. মোশাহিদুল ইসলাম (৩২) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াইল এলাকার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের বারদী এলাকার মছলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় কর্মরত ছিলেন। ডাকাতির মামলায় গ্রেপ্তার দুজন হলেন পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার আবিদুল হাসান মিরাজ ওরফে আবিদ (২৪) এবং ছোট নোয়াগাঁও চান্দেরচক এলাকার জিয়াম (২৪)। দস্যুতার মামলায় গ্রেপ্তার হয়েছেন ভোলার লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া এলাকার মো. রমজান এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গদারভাজন্দী এলাকার শামীম শেখ (৩৯)। এছাড়া বৈষম্যবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁয়ের লাধুরচর এলাকার মো. রিপন মিয়া (৫৯)। আদালতের পরোয়ানাভুক্ত ছয়জন হলেন সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার মো. মোক্তার হোসেন (৪৪), মো. তাওলাদ হোসেন (৪৭), মো. লিটন (৪৩), নাজিরপুর এলাকার জাকির (৫৫), আমিনপুর এলাকার মো. ইমরান হোসেন এবং কাঁচপুর এলাকার মো. বাবু। বাকিদের মাদকসেবী হিসেবে আটক করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আঃ বারিক জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। SHARES অন্যান্য বিষয়: ইয়াবাগ্রেপ্তারনারায়ণগঞ্জপুলিশ অভিযানসোনারগাঁ