নিট প্রশ্ন ফাঁস: মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর প্রকাশিত: 12:35 PM, July 22, 2026 ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের ক্র্যাকডাউনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনীতি। এই পরিস্থিতির জেরে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের বাইরে অবস্থান কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। আটক থাকা অবস্থায় রাহুল গান্ধী সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করেছেন, যার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ অন্যতম। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর যথাক্রমে ছত্রশাল স্টেডিয়াম এবং মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন। এরপর রাত ৯টার দিকে দুই ভাইবোনকে মুক্তি দেয় পুলিশ। আটক থাকা অবস্থায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে রাহুল গান্ধী তাঁর ৫ দফা দাবি তুলে ধরেন। তাঁর দাবিগুলো হলো— ১. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ২. সোমবার শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ৩. সোমবারের পুলিশি ক্র্যাকডাউনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা, ৪. সংসদে এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং ৫. দ্রুততম সময়ের মধ্যে দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার। দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন, ভারতের শিক্ষাব্যবস্থা কেন ভেঙে পড়ছে এবং কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? তিনি আরও প্রশ্ন তোলেন, শিক্ষা কেন এত ব্যয়বহুল হয়ে উঠছে এবং সন্তানদের পড়াশোনা করাতে গিয়ে পরিবারগুলোকে কেন আর্থিকভাবে নিঃস্ব হতে হচ্ছে? এসব প্রশ্ন তোলা কোনো অন্যায় নয় দাবি করে তিনি বলেন, সমগ্র বিরোধী দল চায় বুধবার লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই এ নিয়ে বিতর্ক হোক। এ সময় শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনরত সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এদিকে বিরোধী শিবিরের এই কঠোর অবস্থানের বিপরীতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে অবস্থান নেওয়ার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তাঁর সঙ্গে দেখা করেন এবং প্রায় আধা ঘণ্টা কথা বলেন। তবে পরে জিতেন্দ্র সিং অভিযোগ করেন, রাহুল গান্ধী আলোচনার আগের অবস্থান থেকে সরে এসে এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, যা তাঁর মতো নেতার ক্ষেত্রে শোভা পায় না। তিনি আরও বলেন, সরকার সংসদে নিট পরীক্ষা ও আন্দোলন নিয়ে আলোচনা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যদিকে, বিতর্কের কেন্দ্রে থাকা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও মঙ্গলবার রাতে রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী ও কংগ্রেস রাজনৈতিক ফায়দা লুটতে শিক্ষার্থীদের ব্যবহার করছে। তিনি দাবি করেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত থাকার বার্তা দেওয়ার পরও কংগ্রেস গণতান্ত্রিক আলোচনার চেয়ে রাজনৈতিক নাটক তৈরি করতেই বেশি আগ্রহী। SHARES অন্যান্য বিষয়: কংগ্রেসনরেন্দ্র মোদিনিট পরীক্ষাপ্রশ্নপত্র ফাঁসভারতরাহুল গান্ধী