আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রকাশিত: 8:31 PM, July 24, 2026 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি, জলবায়ুজনিত অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্নের মতো বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা কাঠামো এই ধরনের চ্যালেঞ্জের বিরুদ্ধে সম্মিলিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো বিষয়গুলো মোকাবিলার উপায় নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, পাঁচ দশক আগে স্বাক্ষরিত টিএসি চুক্তিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো নীতিগুলো নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ২০০৭ সালে এই চুক্তিতে যোগদান করে এবং আসিয়ানের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে আবদ্ধ হওয়া দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম। ম্যানিলায় অবস্থানকালে টিএসির ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে ড. খলিলুর রহমান চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার ইকোনমির মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ম্যানিলা সফর করছেন। SHARES অন্যান্য বিষয়: আঞ্চলিক নিরাপত্তাআসিয়ানপররাষ্ট্রনীতিপররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ