সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জাতীয় নাগরিক পার্টির

প্রকাশিত: 10:05 PM, July 24, 2026

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন অভিযোগ করেন, মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে অসুস্থতার যে বয়ান সাজিয়েছেন, তা মূলত তাকে একটি 'সেফ এক্সিট' বা নিরাপদ প্রস্থান দেওয়ার সুযোগ তৈরির কৌশল। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিচার নিশ্চিত করতে এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান ঠেকাতে সাবেক এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা অপরিহার্য।

আখতার হোসেন আরও বলেন, 'এই সাহাবুদ্দিন একজন ফ্যাসিবাদের দোসর। তিনি যদি বিচারের আওতায় না আসেন, তবে চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।' তিনি দাবি করেন, রাষ্ট্রপতির পদে আসীন থাকার কারণে এতদিন তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না, কিন্তু পদত্যাগ করার পর তার কোনো দায়মুক্তির সুযোগ নেই।

গণ-অভ্যুত্থানের সময়ের কথা উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় তিনি গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেননি, বরং শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধকে সমর্থন জুগিয়েছেন। তাই তাকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছে দলটি। এ সময় তিনি বিএনপিকেও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই গণহত্যার পরেও যদি মো. সাহাবুদ্দিন ছাড় পেয়ে যান, তবে বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে।