বেলজিয়ামের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন মার্ক ফন বোমেল প্রকাশিত: 10:31 PM, July 24, 2026 বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তাদের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার মার্ক ফন বোমেলকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায় অ্যাসোসিয়েশন। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে হুডি গার্সিয়ার কোচিংয়ে বেলজিয়াম এবারের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে উন্নীত হয়েছিল, যেখানে তারা স্পেনের কাছে পরাজিত হয়। গত সোমবার অ্যাসোসিয়েশন জানায়, গার্সিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। ৪৯ বছর বয়সি ফন বোমেল খেলোয়াড়ী জীবনে ডাচদের হয়ে ৭৯টি ম্যাচ খেলেছেন। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা এই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভি আইন্দহোভেনের মতো বিখ্যাত ক্লাবে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে ২০১৮ সালে তিনি স্বদেশের ক্লাব আইন্দহোভেনের দায়িত্ব নেন। এরপর জার্মান ক্লাব ভলফসবুর্ক ঘুরে ২০২২ সালে তিনি বেলজিয়ান ক্লাব অ্যান্টোয়ার্পের প্রধান কোচ হন। তার অধীনে ২০২২-২৩ মৌসুমে ক্লাবটি লিগ ও কাপের ঘরোয়া ‘ডাবল’ জয় করে। দুই বছর বিরতির পর পুনরায় কোচিংয়ে ফেরা নিয়ে ফন বোমেল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। বেলজিয়ামে অসাধারণ খেলোয়াড় এবং বিপুল সম্ভাবনা রয়েছে। আমার কোচিং স্টাফদের সঙ্গে মিলে আমরা এমন একটি দল গড়তে চাই, যা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী এবং সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট সাহসী।” নতুন এই দায়িত্বের অংশ হিসেবে বেলজিয়াম আগামী ২ অক্টোবর ঘরের মাঠে তুরস্কের মুখোমুখি হবে এবং এর তিন দিন পর প্যারিসে ফ্রান্সের বিপক্ষে খেলবে। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিক ফুটবলফুটবল কোচবেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনবেলজিয়াম ফুটবলমার্ক ফন বোমেল