মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে বোমা উদ্ধার

প্রকাশিত: 10:07 PM, July 24, 2026

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ছাতার ভেতরে রাখা অবস্থায় বোমাটি পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা নিশ্চিত করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এই প্রক্রিয়ার সময় ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকৃত বস্তুটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বোমা, যা অত্যন্ত শক্তিশালী।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে বোমাটি উদ্ধার করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ওই সময় যান চলাচল বন্ধ রাখা হলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। এদিকে মেট্রোরেল পুলিশের (এমআরটি) উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে জানান যে তিনি প্রতিবেদন তৈরিতে ব্যস্ত রয়েছেন।