সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশিত: 12:36 PM, July 25, 2026 বাংলাদেশকে বিশ্বমানের সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। আজ শনিবার সকাল সোয়া ১১টায় ঢাকার নভোথিয়েটারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল ১০টায় তিনি উদ্বোধনী অনুষ্ঠানস্থলে যোগ দেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। অনুষ্ঠানে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ‘বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে ধারণ করে যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার। আয়োজকেরা জানান, এই সামিটের মূল উদ্দেশ্য হলো দেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স শিল্পের বর্তমান চিত্র তুলে ধরা। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগগুলো বিশ্বমঞ্চ ও গণমাধ্যমের সামনে উপস্থাপন করা। সম্মেলনে সরকারের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। তাঁরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল নির্ধারণে বিশেষ ভূমিকা রাখছেন। এছাড়া বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী এবং গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন। সামিটের পাশাপাশি আয়োজন করা হয়েছে ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’। এই এক্সপোতে মোট ৩৫টি স্টল রয়েছে, যেখানে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ-টেক খাতের প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ, আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) সভাপতি এম এ জাব্বার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ বা কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পারড্যু ইউনিভার্সিটির অধ্যাপক ও সিলিকন রিভার ইনিশিয়েটিভের চিফ আর্কিটেক্ট প্রফেসর মুহাম্মদ মোস্তফা হুসাইন। আগামীকাল ২৬ জুলাই সামিটের দ্বিতীয় ও সমাপনী দিনে ‘ক্রিস্টে ফেলো রিসার্চ সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হবে। সেখানে দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকেরা তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন। সমাপনী অনুষ্ঠানে দেশের সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও বাস্তবায়নের দিকনির্দেশনা দিতে আটটি কৌশলগত জাতীয় দলিল প্রকাশ করা হবে। এগুলোর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর সুপারিশমালা, ট্যালেন্ট রোডম্যাপ ২০৩০, ইকোসিস্টেম রোডম্যাপ, আন্তর্জাতিক অংশীদারিত্ব কাঠামো, ডিপ-টেক অগ্রাধিকার খাত এবং বাণিজ্যিকীকরণ কাঠামো। SHARES জাতীয় বিষয়: ডিপ-টেকতারেক-রহমাননভোথিয়েটারপ্রযুক্তিবিইএআর সামিটসেমিকন্ডাক্টর সামিট