মাজার-খানকায় হামলার প্রতিবাদে সোচ্চার সুন্নি পীর-মাশায়েখরা

প্রকাশিত: 5:31 PM, July 25, 2026

দেশের বিভিন্ন স্থানে আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সুফিবাদী সুন্নি মহাসমাবেশে বক্তারা এই দাবি জানান।

মহাসমাবেশে বক্তারা অভিযোগ করেন, যারা ‘তৌহিদি জনতার’ স্লোগান ব্যবহার করে মাজার ও খানকায় হামলা চালিয়েছে, তাদের প্রকৃত মুখোশ এখন জাতির সামনে উন্মোচিত হচ্ছে। সংগঠনের সভাপতি আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী বলেন, কেবল তাওহিদে বিশ্বাস করাই যথেষ্ট নয়, একজন প্রকৃত মুসলমানের পরিচয় হলো শানে রিসালাত ও শানে বেলায়েতের প্রতি পূর্ণ আস্থা রাখা। তিনি উগ্রবাদী সহিংস মতাদর্শের পরিবর্তে মহানবী (সা.) ও আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত মানবিক, শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক ইসলামের চর্চা ও প্রসারের আহ্বান জানান।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে সুন্নি উলামা-মাশায়েখ, বিভিন্ন দরবারের সাজ্জাদানশিন পীর এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা মাজার ও খানকায় হামলার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, খুন, ধর্ষণ এবং মাদক ব্যবসা—যেমন মদ, জুয়া ও গাঁজা কেনাবেচা বন্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ এমদাদ উদ্দীন নিজামপুরী স্বাগত বক্তব্য দেন এবং পীরে তরিকত আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন প্রস্তাবনা উপস্থাপন করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, পীর সিরাজুল আমিন রেজভী, স উ ম আব্দুস সামাদ, ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, উসমান গনী সালেহী, সাইফুল ইসলাম এবং আবু সুফিয়ান খান আবেদীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।