দ্রুতই রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

প্রকাশিত: 11:30 PM, July 24, 2026

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ইসি মাছউদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করায় এই সময়সীমা গণনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী এই নির্বাচন পরিচালনা করা হবে এবং প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আদলে রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। যদি একাধিক প্রার্থী না থাকে এবং একক প্রার্থী থাকে, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। সাপ্তাহিক ছুটির কারণে শনিবার ইসির কার্যক্রম বন্ধ থাকলেও রোববার বা এর পরবর্তী সময়ে তফশিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যের ভোটার তালিকা তৈরি করার কাজ শুরু করবে।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।