সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

প্রকাশিত: 5:31 PM, July 26, 2026

সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, সাহাবুদ্দিনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালীন সময়ের কর্মকাণ্ড নিয়ে এই অভিযোগগুলো উঠেছে।

রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মন্ত্রী আরও বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। তবে তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একইসাথে আমরা চাইব না কেউ অন্যায়ের শিকার হোক। বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে সরকার যথাসময়ে করণীয় নির্ধারণ করবে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সরকার এ বিষয়ে সংবিধানের বিধান অনুযায়ীই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।