চট্টগ্রামে মাদক কারবারিকে ধরতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় ৭ পুলিশ আহত প্রকাশিত: 3:58 PM, July 26, 2026 চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান এলাকায় এক দুর্ধর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলায় দুই উপপরিদর্শকসহ (এসআই) অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খুলশী আমবাগান রেললাইনসংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল এবং আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুল ইসলামসহ সাতজন পুলিশ সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আমবাগান এলাকায় তালিকাভুক্ত মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীরের অনুসারী কিশোর গ্যাংয়ের একটি দল অতর্কিত হামলা চালায়। পুলিশের দাবি, খুলশী ঝর্ণাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছে আলমগীর। নিজের মাদক ব্যবসা নির্বিঘ্ন ও নিয়ন্ত্রণে রাখতে সে এলাকায় একাধিক কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করে। তার বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আলমগীরের বিরুদ্ধে থানায় ১৫টিরও বেশি মামলা রয়েছে। এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও জামিনে বেরিয়ে এসে সে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে। শুধু আলমগীরই নয়, তার মা রেনু বেগম ও ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একত্রিত হন এবং সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় আলমগীরের অনুসারীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম এ বিষয়ে জানান, মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারে পুলিশের শতভাগ চেষ্টা অব্যাহত রয়েছে। সে মূলত ডবলমুরিং থানার আওতাধীন ঝর্ণাপাড়া এলাকায় বসবাস করে। পুলিশের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। SHARES অন্যান্য বিষয়: কিশোর-গ্যাংখুলশী আমবাগানচট্টগ্রাম নিউজচট্টগ্রাম পুলিশপুলিশের ওপর হামলামাদক কারবারি