সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ৩২ কোটি টাকার মাদক ধ্বংস প্রকাশিত: 7:31 PM, July 28, 2026 সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে জব্দ করা প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাদকগুলো আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিজিবির তথ্য অনুযায়ী, ধ্বংস করা এই মাদকদ্রব্যের বর্তমান বাজারমূল্য ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা। বিজিবির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালানো হয়। এই সময়ের মধ্যে ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয় এবং জব্দ হওয়া পণ্যের মধ্যে ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া র্যাব-৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। SHARES অন্যান্য বিষয়: বিজিবিমাদকমাদক বিরোধী অভিযানসাতক্ষীরাসীমান্ত