গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

প্রকাশিত: 6:44 PM, July 28, 2026

দেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপের সময় এই সহায়তা কামনা করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, জ্বালানি সংকটের গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বরাবর একটি পত্র লিখেছিলেন। কুয়ালালামপুরে সফররত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন সেই পত্রটি হস্তান্তর করেন। এরপর মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে সরাসরি ফোনালাপ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সংকট নিরসনে তার এবং তার দেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সঙ্গে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে ফিডব্যাক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবে মালয়েশিয়া সরকার পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ পেট্রোবাংলা ও আরপিজিসিএল সংকট সমাধানে দিনরাত কাজ করছে। তবে চাহিদা ও সরবরাহের মধ্যে যে গ্যাপ রয়েছে, তা কমানোর লক্ষ্যেই মালয়েশিয়ার সহায়তা চাওয়া হয়েছে। এলএনজি আমদানি ও প্রযুক্তিগত অভিজ্ঞতার আদান-প্রদানসহ বিভিন্ন বিকল্প পন্থায় মালয়েশিয়ার সহযোগিতা পাওয়ার সুযোগ নিয়ে কাজ করা হচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে এবং মানুষের কষ্ট লাঘবে সরকার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, 'এই বার্তাটি দেওয়ার প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করছি যে, মানুষের এই সমস্যা, মানুষের এই কষ্টটা প্রতি মুহূর্তে আমাদেরকে কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের এই কষ্টে আমরাও সমব্যথী।'