ধনবাড়ীতে অবৈধ দখল থেকে ১৭১ শতাংশ সরকারি জমি উদ্ধার প্রকাশিত: 4:31 PM, July 28, 2026 টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১ নং বীরতারা ইউনিয়ন এবং ২ নং বানিয়াজান ইউনিয়ন থেকে মোট ১৭১ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে বীরতারা ইউনিয়নে ৯৪ শতাংশ এবং বানিয়াজান ইউনিয়নে ৭৭ শতাংশ জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বানিয়াজান বাসস্ট্যান্ড ও এর সংলগ্ন বানিয়াজান মৌজার বিআর এস ২৫৪৪ দাগের ১ নং খতিয়ানের ৭৭ শতাংশ জমি সাতজন অবৈধ দখলদার দখল করে রেখেছিল। দখলকারীরা সেখানে দোকান নির্মাণসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছিল এবং কৃষকদের ক্ষেতের ধান ও অন্যান্য জিনিসপত্র আনা-নেওয়ার রাস্তাটি বেদখল করে রেখেছিল। সিদ্দিকুর রহমান সিদ্দিক, শামীম ও উজ্জলসহ মোট সাতজন এই জমি দখলে রেখেছিলেন। সম্প্রতি ধনবাড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলীসহ স্থানীয় সচেতন নাগরিকরা জমি উদ্ধারের দাবি জানালে প্রশাসন সক্রিয় হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দিয়ে প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। দীর্ঘ বছর পর কৃষকদের চলাচলের রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় কৃষক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মতিয়ার রহমান ও স্বপন মিয়াসহ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা এই জমি যেন পুনরায় বেদখল না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইভাবে, সোমবার (২৭ জুলাই) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বীরতারা ইউনিয়নের রাজার হাট এলাকার বীরতারা মৌজার ১ নং খতিয়ানের ৯৫৮ দাগের ৯৪ শতাংশ ভূমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। ধনবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, জেলা প্রশাসকের নির্দেশে সরকারি খাস জমি সংরক্ষণে এই অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী জানিয়েছেন, উপজেলায় সরকারি জমি উদ্ধারের চলমান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। SHARES সারাদেশ বিষয়: উচ্ছেদ অভিযানটাঙ্গাইলধনবাড়ীভূমি অফিসসরকারি জমি