হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২৮

প্রকাশিত: 5:30 PM, July 28, 2026

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব পাওয়া গেছে। তবে উল্লেখিত সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ের ব্যবধানে দেশে ১০৫ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এক লাখ ২৫ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে।