তারেক রহমানকে দেখে নয়, জিয়া-খালেদাকে দেখেই ভোট দিয়েছে মানুষ: হাসনাত প্রকাশিত: 10:31 PM, July 27, 2026 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি। তিনি বলেন, জনগণ মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি আস্থা রেখেই ভোট প্রদান করেছে। হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে 'সবার আগে বাংলাদেশ' স্লোগান দিলেও বর্তমানে তাদের কর্মকাণ্ডে 'সবার আগে ক্ষমতা' ও 'সবার আগে বিএনপি'র মনোভাব ফুটে উঠছে, যা জনগণ মেনে নেবে না। আগামীদিনের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, এই লড়াই কোনো নির্দিষ্ট দলীয় লড়াই নয়; বরং এটি ভালো-মন্দের, ন্যায়-অন্যায়ের এবং জুলুম ও মজলুমের লড়াই। তিনি বলেন, আমাদের জন্য ভারত, ইংল্যান্ড বা আমেরিকায় যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এই দুই পক্ষের যেকোনো একটিকে বেছে নিতে হবে। এনসিপি ভালো কাজ করলে তারা সমর্থন পাবেন, অন্যথায় সমর্থনের প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের চৌরাস্তার মোড় ও বড়বাজার প্রাঙ্গণে জেলা এনসিপি এই কর্মসূচির আয়োজন করে। চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন অভিযোগ করেন, ২০২৪ সালের আন্দোলনে শহীদদের খুনিদের বিএনপির নেতাকর্মীরা টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক নিয়োগ দিয়েছে এবং ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ মসজিদ কমিটি পর্যন্ত দখলে নিয়েছে। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রাখার গভীর কূটকৌশলের অংশ হিসেবে সেখানে দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে এবং বিগত নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান। এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন ও মো. আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক এবং চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: চুয়াডাঙ্গাজাতীয় নাগরিক পার্টিতারেক-রহমানবিএনপিহাসনাত আবদুল্লাহ