ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম প্রকাশিত: 10:01 PM, July 28, 2026 এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আধিপত্য মেনে নেবে না। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য, স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য, নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারও আধিপত্য মেনে নেব না, ভারতেরও না, আমেরিকারও না।’ জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমরা যখন জুলাই আন্দোলন করতাম, তখন অপেক্ষা করতাম কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হন।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতি এই বিশ্ববিদ্যালয়ের কাছে ঋণী। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের যে অবদান, তার স্বীকৃতি এখনো পাওয়া যায়নি। তিনি সরকারের কাছে দাবি জানান, এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য। শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অবকাঠামোগত উন্নয়নের চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন প্রয়োজন। তিনি ভিসি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দেন। SHARES জাতীয় বিষয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জুলাই অভ্যুত্থাননাহিদ ইসলামপররাষ্ট্রনীতিরাজনীতি