ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত ছাড়াল, জুলাইয়েই প্রাণ গেল ৩২ জনের

প্রকাশিত: 7:30 PM, July 29, 2026

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। মোট ৫০ জন মৃতের মধ্যে শুধু জুলাই মাসের ২৮ দিনেই মারা গেছেন ৩২ জন। এছাড়া জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং ফেব্রুয়ারি ও জানুয়ারিতে একজন করে ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত মোট ১৪ হাজার ৬৯০ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৬০ শতাংশ নারী এবং ৪০ শতাংশ পুরুষ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ৬ জন, বরিশালে ৬ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৬ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহীতে ১ জন, রংপুরে ১ জন এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ১ জন মারা গেছেন।