যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন প্রকাশিত: 3:30 PM, July 29, 2026 চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ডেভিডকে আটক করা হয়েছে এবং তাকে বর্তমানে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রামে সাজ্জাদের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে। সম্প্রতি বাকলিয়া এলাকার 'ডিজিটাল ডট নেট' নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে বড় অঙ্কের চাঁদা দাবির ঘটনায় ইমনের নাম উঠে আসে। প্রতিষ্ঠানটির মালিকের কাছে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩০-৪০ জনের একটি দল ডিডিএন অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ওই ঘটনার পর র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে হামলাকারীরা জানায়, তাদের জনপ্রতি মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল এবং এই পুরো ঘটনার নেপথ্যে ছিলেন ডেভিড ইমন। এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেভিড ইমনকে ধরতে অভিযান জোরদার করে। গত ২৭ জুলাই বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ইমনের দুই সহযোগী আসিফ ও সাইদুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। সহযোগীদের গ্রেপ্তারের দুদিনের মাথায় এবার মূল হোতা ডেভিড ইমনও পুলিশের জালে ধরা পড়লেন। SHARES জাতীয় বিষয়: গ্রেপ্তারচট্টগ্রামডেভিড ইমনপুলিশযশোরসন্ত্রাসী