বিজেপির জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শেহজাদ পুনাওয়ালা

প্রকাশিত: 3:00 PM, July 31, 2026

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম আলোচিত মুখ ও টেলিভিশনের টক শোর পরিচিত ব্যক্তিত্ব শেহজাদ পুনাওয়ালা দলটির জাতীয় মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

পদত্যাগের পর শেহজাদ পুনাওয়ালা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রোফাইলের বায়ো পরিবর্তন করেছেন। তিনি সেখান থেকে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ অংশটি সরিয়ে ফেলেছেন। তবে তিনি এখন নিজের পরিচয় হিসেবে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ কথাটি রেখেছেন। হালনাগাদ করা বায়োতে তিনি নিজের সম্পর্কে লিখেছেন, ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়, লেখক: জিএসটি কি যাত্রা; এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী।

পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসের মাধ্যমে। ২০১৭ সালে তিনি আলোচনায় আসেন যখন তিনি প্রকাশ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন। তার অভিযোগ ছিল, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে বসানোর জন্য সেই নির্বাচনে কারচুপি করা হয়েছিল। এরপর তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং দলটির জাতীয় মুখপাত্রের দায়িত্ব পান। সম্প্রতি তিনি নিজের একটি পুরোনো সাক্ষাৎকারের ক্লিপ শেয়ার করে মন্তব্য করেন যে, এখন তার সক্রিয় রাজনীতি থেকে সরে আসার সময় হয়েছে।

শেহজাদ পুনাওয়ালা সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার তাহসিন পুনাওয়ালার ছোট ভাই। আদর্শগতভাবে দুই ভাই এখন বিপরীত মেরুতে অবস্থান করছেন। তাহসিন পুনাওয়ালা কংগ্রেস-সমর্থক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচক হিসেবে পরিচিত। প্রায়ই বিভিন্ন টিভি চ্যানেলের সরাসরি বিতর্কে দুই ভাইকে মুখোমুখি হতে দেখা যায়, যেখানে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও রাজনৈতিক বিদ্রূপের ঘটনাও ঘটে থাকে।