পাকিস্তানের কারাকোরামে তুষারধস, নিখোঁজ ১০ আন্তর্জাতিক পর্বতারোহী প্রকাশিত: 4:06 PM, July 31, 2026 পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের ১০ জন সদস্য নিখোঁজ হয়েছেন। আলপাইন ক্লাব পাকিস্তান (এসিপি) জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে তুষারধসের ঘটনার পর থেকেই ওই দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়া এই দলে রয়েছেন হুনজার পাকিস্তানি পর্বতারোহী সোহেল সাখি, নেপালের পাঁচজন, একজন মার্কিন, একজন ওমানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি পর্বতারোহী। অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালি বংশোদ্ভূত খ্যাতিমান পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজা। আলপাইন ক্লাবের সাধারণ সম্পাদক আয়াজ শিগরি জানান, বুধবার ক্যাম্প-৩-এর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। জিপিএস তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তুষারধসে পর্বতারোহীরা প্রায় এক কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন এবং সম্ভবত তুষারের নিচে আটকা পড়ে আছেন। আলপাইন ক্লাবের সদস্য কারার হায়দরি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে আসার সঙ্গে সঙ্গে সরকারি সংস্থা ও উদ্ধারকর্মীদের সহায়তায় হেলিকপ্টার এবং স্থলপথে উদ্ধার অভিযান শুরু হবে। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যে হেলিকপ্টার ও স্থল উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। আলপাইন ক্লাব তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা নিখোঁজ পর্বতারোহীদের নিরাপদ উদ্ধারের আশা করছে এবং তাদের পরিবার ও আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে। দলটি গত বুধবার চূড়ায় ওঠার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এবং শুক্রবারের মধ্যে সেখানে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছিল। এদিকে, একই দিনে পাকিস্তানের উত্তরাঞ্চলের পর্বতগুলোতে আবহাওয়া অনুকূলে থাকায় কে-২, গাশেরব্রুম-১ ও ব্রড পিকে ২০০-এর বেশি বিদেশি পর্বতারোহী উঁচু ক্যাম্পগুলোর দিকে অগ্রসর হয়েছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার ভোরে আট সদস্যের একটি আন্তর্জাতিক দল ৮ হাজার ৩৫ মিটার উচ্চতার গাশেরব্রুম-২ শৃঙ্গ জয় করেছে। সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, ভোর ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৫ মিনিটের মধ্যে তারা চূড়ায় পৌঁছায়। এই দলে ছিলেন ব্রিটিশ-পাকিস্তানি পর্বতারোহী নাদিয়া আজাদ, ব্রাজিলের রোমান আন্দ্রাদে রোমানচিনি এবং নেপালের ছয়জন শেরপা। শেরপাদের মধ্যে পাসাং তেনজে শেরপা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই আরোহণ করেছেন। নাদিয়া আজাদের জন্য এটি ছিল পঞ্চম ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় এবং লাখপা তেম্বা শেরপা এই অভিযানের মাধ্যমে তাঁর ১৪তম ও শেষ ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় সম্পন্ন করেছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: কারাকোরামতুষারধসনির্মল নিমস পুরজাপর্বতারোহীব্রড পিক