হবিগঞ্জে এনসিপির মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীর জামিন মঞ্জুর

প্রকাশিত: 4:20 PM, August 2, 2026

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার দায়ের করা একটি মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ মোট ১১ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ আব্দুল মন্নান এই জামিন আদেশ প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার আসামিরা আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানিকালে আইনজীবীরা আদালতকে অবহিত করেন যে, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন। মামলার এজাহারে ঘটনার তারিখ, সময় এবং নির্দিষ্টভাবে কে কাকে আঘাত করেছে, তার কোনো সুস্পষ্ট বর্ণনা না থাকায় আদালত তা আমলে নিয়ে জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত অন্যান্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

উল্লেখ্য, গত বুধবার রাতে এনসিপির ছাত্র সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদল নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়, যার ফলে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন আহত হন।

এই মামলা প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন দাবি করেন, আমাদের উপর মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই।