দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

প্রকাশিত: 3:02 PM, August 2, 2026

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করলে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। পুলিশের একটি ঘণিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কারামুক্তির পর বেনজীর আহমেদ গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় জানান, আদালতের নির্দেশ মেনেই তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।

আদালত তার জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে। এর মধ্যে অন্যতম হলো, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষাপটে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশ ও ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়েছিল। গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে তার গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা করেছে। এই মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আইনি সহায়তা চাওয়ার ধারাবাহিকতায় তাকে দুবাইয়ে আটক করা হয়েছিল।