ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে সরকারের নতুন সিদ্ধান্ত প্রকাশিত: 5:30 PM, August 2, 2026 ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নৌপথ সচল করার পাশাপাশি আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাবগুলো বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বেসরকারি উদ্যোগে ওয়াটার বাস পরিচালনার সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। নৌপথ সচল রাখার পাশাপাশি ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে নদীর তীরবর্তী সৌন্দর্য বৃদ্ধি ও ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। SHARES অন্যান্য বিষয়: ঢাকাতারেক-রহমাননদীদূষণনৌপথসরকার