বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ প্রকাশিত: 11:00 PM, August 1, 2026 বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপের চালক ও হেলপার রয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ সড়কের কাজীপাড়া বউবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পাঁচাশি গ্রামের তরিকুল ইসলাম রিয়াদ (২৩), পিকআপচালক একই এলাকার নাসির উদ্দিন (২৪), ময়মনসিংহ সদরের রাঘবপুর এলাকার লুৎফর রহমান (৫০) এবং একই এলাকার শুভ দেবনাথ (২৩)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁয় মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকচালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটে এবং পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মাছ ব্যবসায়ী, পিকআপচালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এ বিষয়ে কাহালু থানার এসআই ব্রজের মাহাতো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী ঘটনার পরপরই পালিয়ে গেছে। নিহতদের স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে এবং কাহালু থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: কাহালুট্রাক দুর্ঘটনানিহতবগুড়াসড়ক দুর্ঘটনা