ছুটির দিনেও এলএনজি আমদানির বড় অনুমোদন দিল সরকার

প্রকাশিত: 9:02 PM, August 7, 2026

দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিনেও বৈঠক করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার সরকারের এই তৎপরতার অংশ হিসেবে নতুন করে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে।

সভা সূত্র অনুযায়ী, ২০২৬ সালের ১১ ও ১২ আগস্ট ডেলিভারির জন্য এই এলএনজি কেনা হচ্ছে। একটি কার্গোতে সাধারণত ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার। সেই হিসেবে একটি কার্গোর মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার বা প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন ডলার।

বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং সার কারখানায় গ্যাসের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমে যাওয়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার নিয়মিত স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তি—উভয় উৎস থেকেই গ্যাস সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।