‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ উর রহমান প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান জানান, ‘র’ প্রধান চীন সফর শেষে ঢাকা এসেছেন এবং এটি তার একটি নিয়মিত সফর। সফরকালে তিনি তার সমকক্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি নিয়ে কোনো ধরনের জল্পনার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে হয়তো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে। সফরটির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, গোয়েন্দা প্রধানদের সফর কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এর আগে বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন। তিনি পররাষ্ট্রনীতির একটি মূল বিষয় স্মরণ করিয়ে দিয়ে বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও তার বক্তব্যে উল্লেখ করেছেন যে, বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। উল্লেখ্য, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল গত রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সরকারি সফরে আসা প্রতিনিধি দলে আরও ছিলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই সফরে পরাগ জৈন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করা পরাগ জৈন ও তার দল সোমবার ঢাকা ত্যাগ করেন। SHARES অন্যান্য বিষয়: জাহেদ উর রহমানপরাগ জৈনবাংলাদেশভারতর