নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৬ নাটোরের বড়াইগ্রামে বাস কাউন্টারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বনপাড়া বাইপাস মোড়ে পাশাপাশি অবস্থিত বিআরটিসি কাউন্টার ও লোকাল বাস কাউন্টারের লোকজনের মধ্যে যাত্রী ওঠানো নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার দুপুরে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ লোকাল বাস কাউন্টারে আলোচনায় বসে। এক পর্যায়ে সেখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগে জানা গেছে, বিআরটিসি কাউন্টারের মালিক নয়ন (২৫), বনপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন (৩৫), সাহিনসহ (৩৫) ২০-২৫ জন এ সময় অতর্কিত হামলা চালায়। এতে অপর গ্রুপের বনপাড়া পৌরসভার ৭ নম্বর হারোয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন (৫৫), ১১ নম্বর চকপাড়া ওয়ার্ডের আসলাম হোসেন (৪৭), ২ নম্বর বনপাড়া ওয়ার্ড কৃষকদলের সভাপতি মমতাজ উদ্দিন (৫০) এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন ফকির (৫০) গুরুতর আহত হন। আহতদের মধ্যে হোসেন ফকির ও আসলাম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও দুজনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় চারটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। SHARES রাজনীতি বিষয়: আহতনাটোরবিএনপিবড়াইগ্রামসংঘর্ষ