বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি মিলনকে প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে (৭২) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের (মতিঝিল বিভাগ) উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আসামিকে আদালতে হাজির করে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিচারক আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমিরুল আলম মিলন এই মামলার ৯৯ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে সমবেত হতে থাকেন। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। ওই সময় হামলায় বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মে মাসে মিলনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন। SHARES অন্যান্য বিষয়: আদালতআমিরুল আলম মিলনবাগেরহাটবিএনপিমকবুল হোসেন হত্যা