সাজিদ হত্যা: ১৩ মাসেও সিআইডি খুলতে পারেনি ফোনের লক প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ১৩ মাস পেরিয়ে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে। মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হেফাজতে থাকা সাজিদের মোবাইল ফোনটির লকও এখন পর্যন্ত খোলা সম্ভব হয়নি। গত বছরের ১৭ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ৩ আগস্ট প্রকাশিত ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর পর দিন ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ইবি থানায় হত্যা মামলাটি দায়ের করেন। পরে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তদন্তে দীর্ঘসূত্রতার কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সিআইডির ব্রিফিংয়ের আয়োজন করা হলেও আশাব্যঞ্জক কোনো তথ্য না পাওয়ায় তা বন্ধ হয়ে যায়। মামলার তদন্তে দীর্ঘসূত্রতার মধ্যে চলতি বছরের মে মাসে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়। এর আগে দায়িত্বে থাকা সাইফুল ইসলামের পরিবর্তে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান মহব্বত হোসেন। সাজিদের মৃত্যুর পরও তার মোবাইল ফোনে কল রিসিভ হওয়ার বিষয়টি তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ১৩ মাস পেরিয়ে গেলেও সিআইডি ফোনটির লক খুলতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে মামলার নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মহব্বত হোসেন বলেন, ‘সাজিদের ফোনের লক খোলার জন্য আমরা এক্সপার্টের কাছে পাঠিয়েছিলাম। তবে তারা লক খুলতে পারেনি। রেজাল্ট নেগেটিভ এসেছে। এ বিষয়ে তাদের সঙ্গে পুনরায় কথা বলব। অন্য কোনো পদ্ধতিতে লক খোলা সম্ভব হলে অবশ্যই সেই পদ্ধতি গ্রহণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’ তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি আরও বলেন, ‘বিভিন্ন দিক থেকে তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এটিকে গাফিলতি বলার সুযোগ নেই। পারিপার্শ্বিক সাক্ষীদের নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’ SHARES অন্যান্য বিষয়: ইসলামী বিশ্ববিদ্যালয়তদন্তসাজিদ আব্দুল্লাহসিআইডিহত্যাকাণ্ড