জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মীর শাহে আলম

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার তিনি বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই শ্রদ্ধা জানান।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী তাদের ঐক্য, শৃঙ্খলা বজায় রেখে মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং ই-রিকশা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি। তিনি নিশ্চিত করেন যে, বর্তমান অর্থবছরের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের প্রতিটি পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সুশাসন নিশ্চিত করা, জনগণের কল্যাণ সাধন এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করা। এ লক্ষ্য অর্জনে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ও দায়িত্বশীলভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত