রায়পুরে ৭০১ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন বিষয়ক নতুন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং পূর্ববর্তী কোর্সের সফল সম্পন্নকারীদের সনদপত্র দেওয়া হয়।

রবিবার (৩০ আগস্ট) রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ২৫০ জন নতুন প্রশিক্ষণার্থীকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন কোর্সে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি আগের ব্যাচের সফল ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত