প্রতারণা মামলায় রাম বিগ্রহ নির্মাতা হরিদাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উঁচু রাম মূর্তি বা রাম বিগ্রহ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে একটি প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ প্রদান করেন। এর পরপরই একই মামলায় জামিনের আবেদন করা হলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তা নামঞ্জুর করেন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী বাসুদেব গুহ। মামলার বিবরণ থেকে জানা যায়, বেসরকারি কোম্পানির কর্মকর্তা মাহবুবুর রহমান গত ২৪ আগস্ট উত্তরা পশ্চিম থানায় হরিদাস চন্দ্র তরণী ও ওবাইদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ২৫ আগস্ট আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা আমলে নেয়। বাদী মাহবুবুর রহমান ও ওবাইদুল ইসলাম কলেজের বন্ধু ছিলেন। ওবাইদুল নিজেকে অনয় ডেভেলপার কোম্পানির মালিক পরিচয় দিয়ে খিলক্ষেতের নিকুঞ্জে অফিস দেখান। সেখানে ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে ওবাইদুল ২০১৮ সালের ২৫ জুলাই থেকে ২০২১ সালের ২১ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে মাহবুবের কাছ থেকে ১০ লাখ ৮৫ হাজার টাকা এবং পরে আরও ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করলে মাহবুব ওবাইদুলের অফিসে যান। সেখানে ওবাইদুলের ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় হরিদাস চন্দ্র তরণীকে। হরিদাস তখন মাহবুবকে আশ্বস্ত করেন যে তার কাছে ফ্ল্যাট আছে এবং তিনি সেটি বুঝিয়ে দেবেন। তার কথায় বিশ্বাস করে মাহবুব ২০২৪ সালের ২৮ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৪৫ লাখ টাকা প্রদান করেন। সব মিলিয়ে মাহবুব ও ওবাইদুল মিলে মোট ৭৫ লাখ ৮৬ হাজার টাকা দিলেও কোনো ফ্ল্যাট পাননি। উল্লেখ্য, এর আগে গত ১২ জুলাই সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রাতেই গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আদালতের নির্দেশে চার দিনের রিমান্ড শেষে ১৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়েছিল। রাম মূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচিত হলেও পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ সামনে আসে। SHARES অন্যান্য বিষয়: আদালতগাইবান্ধাপ্রতারণা মামলারাম বিগ্রহহরিদাস চন্দ্র তরণী