কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম। কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। রামুর মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেলে দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন প্রকল্পে কাজ করার কথা জানালেও, বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে অবহিত করা হলে ঢাকাসহ বিভিন্ন পর্যায়ের বিশেষায়িত তদন্ত দল ঘটনার সত্যতা যাচাই করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি স্টারলিংক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শেয়ারবাজার, জুয়া এবং বিভিন্ন কারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত ছিল। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছিল এবং ইমিগ্রেশন পয়েন্টে সতর্কবার্তা জারি থাকায় তারা দেশত্যাগ করতে ব্যর্থ হয়। বর্তমানে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রামু থানায় সাইবার সুরক্ষা আইনে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা বর্তমানে জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। SHARES অন্যান্য বিষয়: আইফোনকক্সবাজারচীনা নাগরিকপুলিশপ্রতারণা চক্ররামু