তদন্তের মুখে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। জালিয়াতির অভিযোগ নিয়ে তদন্ত চলার মধ্যে গত বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে দেওয়া পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ উল্লেখ করেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার কারণে ডব্লিউএইচও নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে। এছাড়া প্রায় এক বছর ধরে বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলে জানান তিনি। এসব পরিস্থিতির কারণেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যম রয়টার্সের দেখা পদত্যাগপত্র অনুযায়ী, জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুতুলের বিরুদ্ধে ওঠা জালিয়াতির অভিযোগগুলো তদন্ত করছে। পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ জানান, বাংলাদেশে একটি জমি অবৈধভাবে নেওয়ার অভিযোগও তুলেছে ডব্লিউএইচও। তবে তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি পেয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি জমিটি পাওয়ার অধিকারী ছিলেন।

সায়মা ওয়াজেদ পুতুল ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে গত বছরের শেষ দিকে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। এর আগে, গত বছরের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করলে জুলাইয়ে প্রথম তাকে ছুটিতে পাঠানো হয়েছিল।

গত ৩ জুলাই ডব্লিউএইচওকে দেওয়া পুতুলের আইনজীবীদের একটি পৃথক চিঠি অনুযায়ী, সংস্থাটি তাকে চীন সফরকালে আর্থিক জালিয়াতি এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। তবে সায়মা ওয়াজেদ পুতুল শুরু থেকেই এই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।