দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে বাড়ছে দেশি-বিদেশি মদের দাম

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে সব ধরনের মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধির অংশ হিসেবে আগামী অক্টোবর মাস থেকেই বিদেশি মদ, দেশি মদ এবং বিয়ারের ক্ষেত্রে নতুন মূল্য কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট মূল্যবৃদ্ধির হার প্রকাশ করা হয়নি।

পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে মদের নতুন দাম কার্যকর হবে। এই নতুন প্রক্রিয়ার অংশ হিসেবে, যেসব পণ্যের দাম অপরিবর্তিত থাকবে, সেগুলোকে নতুন করে নথিভুক্ত করতে হবে। সংস্থাগুলোকে আবগারি আইন মেনে পণ্যের দাম ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, পণ্যের দাম সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে এবং মজুদ ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলে স্পষ্ট করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরে বিভিন্ন সরবরাহকারী সংস্থা ও প্রস্তুতকারকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশি-বিদেশি মদ ও বিয়ার সরবরাহের জন্য 'এক্সপ্রেশন অব ইন্টারেস্ট' (ইওআই) নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, উৎসবে মদের সরবরাহ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে বর্তমানে দোকানে মজুদ থাকা পুরনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে, দুর্গাপূজার অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে এবং বারেও মদ বিক্রি নিষিদ্ধ থাকবে। এই পরিস্থিতির মধ্যেই রাজ্য আবগারি দপ্তর মদের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিল। মূল্য কাঠামো নির্ধারণের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।