ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন, যার ফলে ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘায়িত হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শুক্রবার প্রেসিডেন্ট এই আইনটিতে স্বাক্ষর করেছেন। আইনটির আনুষ্ঠানিক নাম ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’। এই নতুন আইনের আওতায় কেবল ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদই বাড়ানো হয়নি, বরং রাশিয়া ও ইরান—উভয় দেশের বিরুদ্ধেই বিধিবদ্ধ নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য বিধিনিষেধের পরিধি আরও সম্প্রসারিত করা হয়েছে। উল্লেখ্য, ইরানের ওপর আগে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। ওয়াশিংটনের এই পদক্ষেপকে তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা বিদেশি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছর পরোক্ষ নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকবে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ চীনে যায়। এর আগে ইরানের তেল বিক্রি ও পরিবহনে ভূমিকা রাখার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও হংকংয়ের বিভিন্ন তেল ব্যবসায়ী, জাহাজ কোম্পানি এবং ট্যাংকার পরিচালনাকারীদের ওপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হতে পারে। এছাড়া তাদের মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ ও ডলারে লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপের বিধান রাখা হয়েছে। আইনটির নামকরণ করা হয়েছে গত জুলাই মাসে প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে, যিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধের একজন কট্টর সমর্থক ছিলেন। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদইরানডোনাল্ড ট্রাম্পমার্কিন নিষেধাজ্ঞারাশিয়া