কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ ২০২৭ সালের এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার হওয়ায় এই দুই দিন পরীক্ষা বন্ধ থাকবে।

রোববার (৪ অক্টোবর) বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি এবং তা জমা দেওয়ার বিস্তারিত প্রক্রিয়াও তুলে ধরা হয়েছে।

আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে পরীক্ষার ফি জমা নেওয়া শুরু হবে, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়ন পরীক্ষার্থীসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১ হাজার ৯০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় পার হয়ে গেলে বিলম্ব ফি দিয়ে ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। বিলম্ব ফিসহ নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা পরিশোধ করতে হবে।

পরীক্ষার্থীরা বোর্ডের নিজস্ব সফটওয়্যারের (hems.alhaiatululya.org) মাধ্যমে অনলাইনে এই ফি জমা দিতে পারবেন। পেমেন্ট করার জন্য মোবাইল ব্যাংকিং সেবা 'নগদ' অথবা 'ইসলামী ব্যাংক'-এর অনলাইন ব্যাংকিং হিসাব ব্যবহার করা যাবে।

ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে প্রথমে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনুতে গিয়ে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে। সেখানে মাদ্রাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দেওয়ার জন্য ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটনে ক্লিক করতে হবে। আর যদি নির্দিষ্ট কয়েকজন শিক্ষার্থীর ফি জমা দিতে হয়, তবে তালিকায় তাদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখে পছন্দের পেমেন্ট মাধ্যম নির্বাচন করে ফি পরিশোধ করা যাবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত