পটিয়ার হুলাইন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হাসান

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

পটিয়ার হুলাইন হযরত ইয়াছিন আউয়াল আলিম মাদ্রাসার নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. হাসান। গত মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি ছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে মো. দিদারুল ইসলাম এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে আনোয়ার হোসেন চৌধুরী দায়িত্ব পেয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত সভাপতি মো. হাসান জানান, আগামী ছয় মাসের মধ্যেই তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন। প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি নানা কারণে পিছিয়ে পড়া পড়ালেখার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার কথাও জানান তিনি। এছাড়া মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে তার। প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা নেওয়ার কথাও ব্যক্ত করেন।