ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির ক্ষোভ প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ডিপি ওয়ার্ল্ডের সাথে পরিচালনার লক্ষ্যে ৮ অক্টোবর একটি চুক্তি স্বাক্ষরের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। বুধবার এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং সদস্য সচিব ফজলু কবির মিন্টু অভিযোগ করেন যে, জাতীয় এই গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে জনগণের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলু কবির মিন্টু এ ক্ষোভ ও নিন্দা জানান। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে প্রচারিত আমন্ত্রণপত্রে চুক্তি স্বাক্ষরের বিষয়টি জানানো হলেও এতে চুক্তির শর্তাবলি, পরিচালনার অধিকার, আর্থিক দায় ও শ্রমিকদের স্বার্থ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। উন্নয়ন ও বিনিয়োগের দোহাই দিয়ে জনগণের অগোচরে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে তারা মন্তব্য করেন। বন্দর দেশের জনগণের সম্পদ হওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে তারা মনে করেন। সরকারের গণতান্ত্রিক অবস্থানের কথা উল্লেখ করে বন্দর রক্ষা কমিটি দাবি করেছে, জনমতের তোয়াক্কা না করে একতরফাভাবে এই চুক্তি সম্পাদন করা হলে তা ‘কালো চুক্তি’ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। তারা অবিলম্বে এই প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানিয়ে বলেন, চুক্তির শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করা এবং বিশেষজ্ঞ, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের মতামত নেওয়া আবশ্যক। জাতীয় স্বার্থ এবং বন্দরের ওপর রাষ্ট্রের কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা কোনো আপস করবে না বলেও জানিয়েছেন। বিবৃতিতে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, জনমত উপেক্ষা করে যদি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়, তবে তার বিরুদ্ধে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে, এ ধরনের বিতর্কিত সিদ্ধান্তের ফলে কোনো ধরণের জনঅসন্তোষ তৈরি হলে এর পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। বন্দরের জাতীয় স্বার্থ রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। SHARES রাজনীতি বিষয়: চট্টগ্রাম বন্দরডিপি ওয়ার্ল্ডনিউমুরিং কনটেইনার টার্মিনালপিপিপিবন্দর রক্ষা কমিটি