চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও জর্জ নাগেল প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬ মস্তিষ্ক কীভাবে পৃথক স্নায়ুকোষের কার্যকলাপ চালু বা বন্ধ করে—এই জটিল রহস্য উন্মোচনের গুরুত্বপূর্ণ গবেষণার জন্য ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে এই তিন বিজয়ী বিজ্ঞানীর নাম ঘোষণা করে। তারা হলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও জর্জ নাগেল। পুরস্কারজয়ী এই তিন বিজ্ঞানী মূলত আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে তাদের বিশেষ গবেষণার জন্য এই সম্মাননা পেয়েছেন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্র ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। নোবেল কমিটির তথ্য অনুযায়ী, ৫৪ বছর বয়সি কার্ল ডেইসেরথ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ৭১ বছর বয়সি পিটার হেগেম্যান জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে এবং ৭৩ বছর বয়সি জর্জ নাগেল জার্মানির ভুর্জবুর্গ বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নোবেল কমিটি এই বিজ্ঞানীদের গবেষণার ভূয়সী প্রশংসা করেছে। কমিটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত এই পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন গবেষণাগারে মস্তিষ্কের অভ্যন্তরীণ রহস্য উন্মোচনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। চিকিৎসাবিজ্ঞান নোবেল কমিটির সচিব থমাস পার্লম্যান জানিয়েছেন, সোমবার টেলিফোনের মাধ্যমে তিনি তিন বিজয়ীর সঙ্গেই যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে পুরস্কার ঘোষণার মাধ্যমে এ বছর নোবেল পুরস্কার সপ্তাহের সূচনা হয়েছে। এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমতুল্য। পুরস্কার বিজয়ী ব্যক্তি, ছোট দল বা প্রতিষ্ঠান—যেই হোক না কেন, এই অর্থমূল্য অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, গত বছর রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। SHARES আন্তর্জাতিক বিষয়: কার্ল ডেইসেরথগবেষণাচিকিৎসাবিজ্ঞাননোবেল পুরস্কারবিজ্ঞান