২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে কাতার ও ভারতসহ সাত দেশ প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের লড়াইয়ে নেমেছে কাতার ও ভারতসহ মোট সাতটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আনুষ্ঠানিকভাবে এই দেশগুলোর নাম প্রকাশ করেছে। আইওসির তালিকা অনুযায়ী, কাতার ও ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, জার্মানি, হাঙ্গেরি এবং দক্ষিণ কোরিয়া। তবে আগ্রহ প্রকাশের সময়সীমা আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত থাকায় এই তালিকায় আরও নতুন দেশের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাতার এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০০৬ সালের এশিয়ান গেমস সফলভাবে আয়োজন করেছে। এছাড়া তারা ২০৩০ সালের এশিয়ান গেমসের স্বাগতিক হিসেবেও দায়িত্ব পালন করবে। অন্যদিকে, ভারত প্রথমবারের মতো অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদকে কেন্দ্র করে এই বিড সাজানো হয়েছে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের মাধ্যমে তারা অলিম্পিকের বড় মহড়া সেরে নিতে প্রস্তুত রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ক্ষেত্রে গ্রীষ্মকালে তীব্র গরম থাকায় অলিম্পিকের ঐতিহ্যবাহী জুলাই-আগস্টের সময়সূচি পরিবর্তন করে অপেক্ষাকৃত ঠান্ডা মৌসুমে গেমস আয়োজন করতে হবে। আইওসি জানিয়েছে, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে আগ্রহী দেশগুলোর মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে এবং এরপর শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা। পর্যাপ্ত তহবিল, রাজনৈতিক ও জনসাধারণের সমর্থনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যাচাই-বাছাই করে ২০৩৬ সালের স্বাগতিক চূড়ান্ত করা হবে। ২০২৮ সালে পছন্দের স্বাগতিকদের নাম ঘোষণা করা হতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে ২০২৯ সালের মাঝামাঝি সময়ে। আইওসি সভাপতি কার্স্টি কভেন্ট্রি এক বিবৃতিতে জানিয়েছেন, গেমস যেখানেই আয়োজিত হোক না কেন, অ্যাথলেটরা সবসময়ই কাজের কেন্দ্রবিন্দুতে থাকবেন। প্রতিটি ভবিষ্যৎ স্বাগতিকের জন্য অ্যাথলেটদের সর্বোত্তম অভিজ্ঞতা প্রদানই হওয়া উচিত মূল লক্ষ্য। উল্লেখ্য, এর আগে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালের আসর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। SHARES অন্যান্য বিষয়: অলিম্পিকআন্তর্জাতিক অলিম্পিক কমিটিকাতারভারত২০৩৬ অলিম্পিক